মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যৌথ ব্রিফিং শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাণিজ্য সম্প্রসারণসহ মোট ৯টি বিষয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে উভয় সরকারের শীর্ষ পর্যায়ে সমঝোতা হয়েছে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে আলোচনায় শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, সংকট সমাধানে মালয়েশিয়া কীভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়েও দুই দেশের নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করেছে।
সফরকে ফলপ্রসূ উল্লেখ করে মাহদী আমিন বলেন, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে।