গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সোমবার (২২ জুন) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ জানান, দুপুরে বিজয়নগরে আয়োজিত সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই জেলাগুলোতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাজেট পাসের পরও ধারাবাহিক কর্মসূচি চলবে।
ড. আযাদ জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। ২৫ জুনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জোট কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়; বরং বিচারহীনতা ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতেই তারা আন্দোলন করছে। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সীমান্ত হত্যার প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে বিভাগীয় ও সীমান্তবর্তী জেলাগুলোতে ধারাবাহিক কর্মসূচি পালন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।