মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হানজালার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সোমবার (২২ জুন) দেওয়া ওই পোস্টে রাশেদ খান দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন। অথচ বর্তমানে তিনি নিজেকে আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।
রাশেদ খানের ভাষ্য, ৫ আগস্টের আগে হানজালার কোনো আন্দোলনমুখী অবস্থান দৃশ্যমান ছিল না। তিনি অভিযোগ করেন, সে সময় আন্দোলনের পক্ষে সক্রিয় থাকার পরিবর্তে হানজালা ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন।
পোস্টে বিএনপি নেতা আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন করে রাজনৈতিক অবস্থান নেওয়া ব্যক্তিদের সঙ্গে তাদের পার্থক্য রয়েছে। তিনি দাবি করেন, যখন অনেকে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ছিলেন, তখন বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম এবং আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন।
পোস্টের শেষাংশে রাশেদ খান অভিযোগ করেন, বর্তমানে কিছু ব্যক্তি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে তিনি রাজনৈতিকভাবে মোকাবিলারও ইঙ্গিত দেন।
তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।