জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বাজেট বাস্তবায়ন, শিক্ষা খাতের বরাদ্দ এবং মাঠপর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, দেশের বাজেটের আকার ধারাবাহিকভাবে বাড়লেও বাস্তবায়নের হার আশানুরূপ নয়। অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা, ঋণের চাপ এবং প্রশাসনিক দুর্বলতার কারণে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা খাতের বরাদ্দে অসংগতি তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, ঘোষিত মোট বরাদ্দ ও বিভিন্ন বিভাগের বরাদ্দের মধ্যে উল্লেখযোগ্য গরমিল রয়েছে। তিনি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
বক্তব্যে তিনি বিএনপির কিছু মাঠপর্যায়ের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। তার দাবি, জমি দখল, চাঁদাবাজি এবং কিছু নিয়োগ প্রক্রিয়া জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে সংসদ সদস্যদের মধ্যে বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগও তোলেন।
এছাড়া ব্যবসা ও স্বাস্থ্য খাতের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। নিজের নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং দুর্নীতির বিষয়েও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।