বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। শুক্রবার রাজধানীর শ্যামপুর জোন আয়োজিত বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মাসুদ বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি প্রতিষ্ঠান। এ ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখতে প্রকৃত মালিকদের সমন্বয়ে একটি দক্ষ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন প্রয়োজন বলে তিনি মত দেন।
তিনি আরও বলেন, ব্যাংক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অতীতে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্তদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সৎ, দক্ষ ও আদর্শিক ব্যক্তিদের নেতৃত্বে ব্যাংক পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল রাখতে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।