দেশের ৭৫টি কারাগারে বর্তমানে ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ বন্দি আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯টি আসন রয়েছে। বিপরীতে বর্তমানে মোট ৭৬ হাজার ১১৩ জন বন্দি কারাগারগুলোতে আটক আছেন, যার মধ্যে ৭৪ হাজার ৩৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭ জন নারী।
তিনি বলেন, অতিরিক্ত বন্দির কারণে কয়েকটি কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।
মন্ত্রী আরও জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ৯১ জনে উন্নীত হবে।
এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বাড়বে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।