জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও অনিয়মিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা বঞ্চিত যোগ্য নেতাদের দ্রুত কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বুধবার (১৮ জুন) বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, যুবদলের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা অবিলম্বে এসব বঞ্চিত নেতাকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন রিয়ন তালুকদার, মো. দুলাল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, আবুল হাসান, খালেদ মাহমুদ মাসুদ, অলি উদ্দিন সুমন দেওয়ান, মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান খান, আজিজুল হক পাটোয়ারী, আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, কাজী মেজবাউল আলম, ইয়াকুব রাজু, মিরাজ আজিম, সবুর খান সাগর, শহিদুল ইসলাম মাসুদ, কোয়েল হোসেন, রবিউল হাসান আরিফ, মাজেদুল ইসলাম মাসুম, খন্দকার আমিনুল হক কাকন, মহিবুল্লাহ জয়, মাহমুদ খান, জহিরুল ইসলাম দিদার, ফজলুল হক নিরব, খসরু আহমেদ হিরন, কবির আহমেদ, শাহাদত হোসেন ভূঁইয়া সাহেল, সুমন চৌধুরী, দুলাল মাতব্বর এবং মেহেদী হাসান খান।
বক্তারা বলেন, সংগঠনের স্বার্থে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং দাবি বাস্তবায়নে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।