জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংককে পুনরায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। তবে জনগণ এমন উদ্যোগ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “ইসলামী ব্যাংককে আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে। জনগণ এটা আর মেনে নেবে না।” তিনি দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, গণরায়ের বাস্তবায়ন এবং অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
একই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
এর আগে ১১-দলীয় ঐক্যের আয়োজিত বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।