বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১০ জুন হামলাচেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন মাহাদী হাসান।
আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস চত্বরে কয়েকজন যুবক তার গতিরোধ করে হামলা চালায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘটক আলমগীর হাসান আবিদ বলেন, মাহদীর ওপর গত কয়েক দিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল।
গতকালকের হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।
ওসি আরো বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে ছাত্রদল হামলা করেছে, তার সত্যতা পাওয়া যায়নি।
লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।