সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মানিক মিয়া (২৫) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া উপজেলার বেতুয়া গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় ট্রাক্টরচালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন মানিক মিয়া। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় মানিক মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।