প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ছায়া, সৌন্দর্য ও সুস্থ জীবনযাপনের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে জাতীয় বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান দিতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের প্রতিটি গ্রাম ও শহর আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের ‘সবুজ বিপ্লব’-এ রূপ নিতে পারে। এ লক্ষ্যে গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাবও দেন তিনি।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।