নাটোরের গুরুদাসপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পৌর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া রেজাউল করিম সবুজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় কাঁচারীপাড়া এলাকার বাসিন্দা এবং পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন রেজাউল করিম সবুজ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য থানার ফটক দিয়ে বের করা হলে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় রেজাউল করিম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
দীর্ঘদিন তাঁকে খুঁজে পাওয়া না গেলেও সম্প্রতি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।