নাটোরের গুরুদাসপুর উপজেলার মোকিমপুর গ্রামে শতবর্ষী একটি বটগাছের মগডালে উঠে বসেন হাসান খাঁ (৪৭)। তাঁকে নিচে নামাতে গিয়ে প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর সফল হয় ফায়ার সার্ভিস ও পুলিশ। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। গত বুধবার উপজেলার চাপিলা ইউনিয়নের মোকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামের বটগাছের নিচে বসেছিলেন হাসান খাঁ। একপর্যায়ে তিনি গাছে উঠে মগডালে চলে যান। এরপর এক ডাল থেকে আরেক ডালে ছোটাছুটি করতে থাকেন। তাঁকে নিচে নামতে অনুরোধ করলেও তিনি সাড়া দেননি।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে প্রাথমিক চেষ্টায় তাঁকে নামানো সম্ভব হয়নি। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের আরও একটি দল এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেন।
নাটোর ফায়ার সার্ভিসের প্রধান আখতার হামিদ খান বলেন, হাসান খাঁ অতিরিক্ত মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে গাছের মগডালে আশ্রয় নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে নিরাপদে নিচে নামানো হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসানের বাবা দানেজ খাঁ বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। কিন্তু মাসখানেক আগে সেখান থেকে বের হওয়ার পর আবার নেশায় জড়িয়ে পড়েন। এরপর থেকে তাঁর আচরণেও অস্বাভাবিকতা দেখা দেয়।
দানেজ খাঁর ভাষ্য, ছেলের সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মাদকাসক্তির কারণে পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে সংকটের মধ্যে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দিনের বেশির ভাগ সময় গাছের মগডালে অবস্থান করায় এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে। তাঁকে দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। উদ্ধার শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।