কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা।
প্রায় ২০ দিন আগে তিনি স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ায় শহিদ শিকদারের বাড়িতে ভাড়া বাসায় উঠেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল আবেদিন বাসায় এসে স্ত্রীকে মারধর ও গালাগাল করেন। পরে রাতের খাবার শেষে তাদের মধ্যে পুনরায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।
দীর্ঘ সময় পার হলেও দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্ত্রী ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিষয়টি মহিপুর থানাকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।