পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমার সঙ্গে যে জুলুম করেছে, তার সঙ্গেও আমি ইনসাফ করতে চাই।” বুধবার (২৭ মে) সকালে পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেড়শ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই মূল উদ্দেশ্য। সরকারের দেওয়া অনুদান সঠিকভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে তারা কাজ করছেন বলেও জানান তিনি।
ড. মাসুদ বলেন, অতীতে অনুদানের অর্থ সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাত না। কিন্তু এবার দল-মত নির্বিশেষে অসহায় ও দুস্থদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এখানে যারা এসেছেন, সবাই আমাদের দলের সমর্থক নাও হতে পারেন। অনেকেই হয়তো দাঁড়িপাল্লায় ভোট দেননি। তারপরও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব জনগণের সেবা করা, নিজেদের ভাগ্য পরিবর্তন নয়। অতীতে অনেক এমপি নিজেদের স্বার্থে কাজ করলেও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় দুর্নীতি নিয়েও সতর্কবার্তা দেন এই সংসদ সদস্য। তিনি প্রশাসনকে খাল খননসহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি নজরদারির আহ্বান জানান এবং জনগণকে অনিয়মের তথ্য প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, সমাজসেবক সিদ্দিকুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম।