নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাঁচাবাজারগুলোতে হঠাৎ করেই সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
উপজেলার নান্দাইল পৌরবাজার, চন্ডীপাশা,নান্দাইল চৌরাস্তা বাজার, শেরপুর বাজার,রসুলপুর বাজার,ঝালুয়া বাজর সহ বিভিন্ন হাটে ঘুরে দেখা যায় বাজারে প্রায় সব ধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, শসা ৪০ থেকে ৬০ টাকা এবং টমেটো ৬০ থেকে ৯০ টাকায়।
এছাড়া অন্যান্য সবজির মধ্যে আলু ২০ টাকা, জামআলু ৪০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, কাকরোল ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা, পটল ৮০ টাকা, পুঁইশাক ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, সজনা ১৪০ টাকা এবং সিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৪৫ টাকা ও রসুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে ক্রেতা আবুল কাশেম বলেন, আগে ৫০০ টাকার বাজারে কয়েকদিন চলত, এখন একদিনের সবজি কিনতেই সেই টাকা শেষ হয়ে যায়।
সবজি বিক্রেতারা জানান, অতিরিক্ত গরম, অতিবৃষ্টি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত তদারকি থাকলে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।বর্তমান পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।