মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার মাওয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার দায়ে রাবেয়া ফার্মেসির মালিক মোজাফফর আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ঊর্মি স্টোরের মালিক মোহাম্মদ রাসেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দই, রসমালাই ও ঘি’র মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ইসলাম সুইটমিটের মালিক মোহাম্মদ হারুন শরীফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করার দায়ে বেলাল হোটেলের মালিক মোহাম্মদ বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।