জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায়বিচার, জবাবদিহি, বহুত্ববাদ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চলমান রয়েছে। তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এনসিপি সেই সংগ্রাম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার রাজধানীর একটি হোটেলে এনসিপির সংস্কার কমিটি আয়োজিত ‘সংস্কার অচলাবস্থা: উত্তরণের পথ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলেন।
নাহিদ ইসলাম বলেন, অর্থবহ সংস্কারের জন্য একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন। তার দাবি, ১৯৭২ সালের সংবিধান এমন এক কাঠামোয় পরিণত হয়েছে, যা নির্বাহী ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ও একদলীয় আধিপত্যকে শক্তিশালী করেছে। তবে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে নতুন সংবিধানের প্রস্তাব বাস্তবায়িত হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও ৪৮ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে জনগণ গণভোটে রায় দিলেও সরকার এখন সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে অনীহা দেখাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিবিরোধী ব্যবস্থা ও গুমসংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ বাতিলের অভিযোগও তোলেন তিনি।
সংলাপে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে সংস্কার বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।