মেহেদী হাসান রাতুল ( সিলেট),
দক্ষিণ সুরমা এলাকার পারাইরচকে সিলেট মহানগর বিএনপি-র সভাপতি নাসিম হোসাইন-এর ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে পারাইরচক এলাকায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ
-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে রওনা দেন।
পুলিশ জানায়, গাড়িটি পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে হামলা চালায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানা-য় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।