মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (৫ মে) দুপুরে অনুষ্ঠিত এ সভায় তিনি মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, ভাতা বৃদ্ধি এবং বীর নিবাস নির্মাণে নানা অনিয়মের অভিযোগ তোলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধার তালিকায় অপ্রাপ্তবয়স্ক ও অ-মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য অবিচার। তিনি আরও অভিযোগ করেন, বীর নিবাস নির্মাণ প্রকল্পে অনিয়ম হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ-সুবিধা প্রত্যাশিত হারে বাড়ানো হয়নি।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে নিজেদের নানা অপকর্ম আড়াল করার চেষ্টা করেছে এবং ইতিহাস বিকৃত করে একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে। গুম, খুন, লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত থেকেও দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে এবং তারাই মুক্তিযুদ্ধের যথাযথ মূল্যায়ন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর শ্রদ্ধা সবচেয়ে বেশি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী। এছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সিরাজুল ইসলাম পিন্টু বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে, তাই সাম্প্রতিক কোনো আন্দোলনকে স্বাধীনতা যুদ্ধের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা ঠিক নয়।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।