আওয়ামী লীগের শাসনের শেষ এক দশকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ করেছেন আহমেদ আযম খান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
শনিবার (২ মে) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে এডিপির আওতায় সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১০ বছরে অফিশিয়ালি ও আনঅফিশিয়ালি মিলিয়ে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। তার দাবি, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সময় রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য অবস্থায় ছিল।
মন্ত্রী বলেন, পরবর্তী অন্তর্বর্তী সময়ে সীমিত সম্পদ নিয়েই সরকার পরিচালিত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও আর্থিক সংকটের মধ্যে কাজ শুরু করতে হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন।
অতীত পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথাও উল্লেখ করেন এবং বলেন, সেই সময় দেশ ভয়াবহ সংকটের মুখে পড়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়ে দেশের পরিস্থিতির উন্নতি ঘটে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থী, নারী ও কৃষকদের মাঝে শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, টিউবওয়েল, ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ, গবাদিপশু ও হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।