দেশে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ পরিস্থিতি আবারও চাপে পড়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১৫ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে গড়ে ১৪ হাজার মেগাওয়াট।
ফলে প্রায় ১ হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হয়ে লোডশেডিং বাড়ছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে গ্রামাঞ্চলে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে মোট ১৩৯টি বিদ্যুৎকেন্দ্র থাকলেও জ্বালানি সংকটের কারণে অন্তত ১৮টি কেন্দ্র বন্ধ রয়েছে। মূলত আমদানিনির্ভর জ্বালানি—ফার্নেস তেল, কয়লা ও এলএনজির সরবরাহে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ চেইনের সমস্যাও সংকটকে আরও গভীর করেছে।
১৮ এপ্রিলের তথ্য অনুযায়ী, চাহিদা ছিল ১৪ হাজার ৫৫২ মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয় ১৩ হাজার ৭৩২ মেগাওয়াট। পিক আওয়ারে চাহিদা আরও বেড়ে ১৫ হাজার ৭২২ মেগাওয়াটে পৌঁছায়। এতে লোডশেডিং বেড়ে দাঁড়ায় প্রায় ১৪৮২ মেগাওয়াটে, যার বড় অংশই ঢাকার বাইরে বিতরণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যয়বহুল তেলভিত্তিক উৎপাদনের পরিবর্তে গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই হতে পারে টেকসই সমাধান। তবে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের সংকট বারবার ফিরে আসার আশঙ্কা রয়েছে।