মুন্সিগঞ্জ প্রতিনিধি
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত হবি মিয়া পাইক (৩৭) মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হবি মিয়া পাইক স্থানীয় নলি মিয়া পাইকের ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে ইরাকে প্রবাস জীবনযাপন করছিলেন। সেখানে বিভিন্ন পেশায় কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার দুই কন্যা সন্তান রয়েছে—হাবিবা (১৬) ও নাফিজা (১০)।
নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু জানান, সর্বশেষ গত শুক্রবার (১৩ মার্চ) তার স্বামীর সঙ্গে কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। পরে স্বামীর সহকর্মী অন্য প্রবাসীদের মাধ্যমে তিনি জানতে পারেন, মিসাইল হামলায় হবি মিয়া পাইক নিহত হয়েছেন। হামলার সময় তার দুই পা ও বুকে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমার স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।