মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ২০০৯ সালে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০০৯ সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারী নিহত হন।
ঘটনাটি জাতির জন্য লজ্জাজনক ও কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার গভীর চক্রান্ত ছিল এর পেছনে। সেনাবাহিনীর মনোবল ধ্বংসের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সামনে গণতন্ত্রকে সুসংহত ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার বড় সুযোগ রয়েছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সবশেষে শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন মন্ত্রী।