সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই সরকারের ‘নাম্বার ওয়ান টার্গেট’ এবং যে-ই বিশৃঙ্খলা করবে— সে আমার দলের হোক বা আমার ভাই পরিচয় দিক— তাকেই সবার আগে আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ জেড এম মো. জাহিদ হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের হাতে সময় কম; নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি ঘোষণা দেন, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এ কার্যক্রমে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ থাকবে না।
মন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারি, জমি কাটা বা দখল, বালু সিন্ডিকেট এবং নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো কোনো কর্মকাণ্ডই বরদাস্ত করা হবে না।
এ সময় তিনি প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সকল নাগরিক যেন সমানভাবে তাদের অধিকার ভোগ করতে পারে— সে লক্ষ্যেই প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।