মোঃমেহেদী হাসান,বরিশালঃ
ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। তাতে যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে। রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করা হবে আরেকটা, এরপরে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়াসহ বহুবিদ ব্যাপার আছে। তাই আমি রেজাল্টের আগে কোনোভাবেই বলবো না ভোট সুষ্ঠু হয়েছে বা হয়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারী) বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এখন তারা অনেক আশা আকাঙ্খা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছেন।
প্রশাসনকে এমন পরিবেশ তৈরী করতে হবে যে নির্বাচনে সব মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ সময় তিনি নির্বাচিত হলে বরিশালের উন্নয়নে বিভিন্ন কাজ করার কথাও বলেন।
পাশাপাশি তিনি প্রশাসনকে অনুরোধ করে বলেন, কোনো অবস্থাতে যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়, কোনোদিকে প্রশাসন যেন ঝুঁকে না যায়। ভোটাররা তাদের পছন্দ মতো ব্যক্তিকে যেন ভোট দিতে পারে, কেউ যেন ব্যালট পেপার টেনে নিতে না পারে।
জামায়াতের সমর্থনের বিষয়ে তিনি বলেন, বরিশালে জামায়াত আমাকে সমর্থন করেছে সেটা স্পষ্ট ঘোষণা করেছে। তারা জীবনভর বলেছে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। আর আমি তো আল্লাহর আইন চাই, আর আমাকে যদি তারা সৎ লোক মনে করেন তাহলে আমার বাহিরে কাউকে তো ভোট দেওয়ার দেখি না। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।