আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ দাবি জানান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে জুবায়ের বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভোটারদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের শামিল। তিনি দাবি করেন, ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা আরোপ করলে ভোটাররা তথ্য জানানো ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার থেকে বঞ্চিত হবেন, যা গণতান্ত্রিক নির্বাচনের পরিপন্থী।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে হলে ভোটারদের অধিকার রক্ষাই হওয়া উচিত কমিশনের অগ্রাধিকার। কিন্তু মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত সেই লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করছে। তাই অবিলম্বে এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানায় জামায়াতে ইসলামী।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করা হবে এবং কমিশনকে সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করা হবে।
উল্লেখ্য, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ইতোমধ্যে আপত্তি তুলেছে।