আওয়ামী লীগ এখন ‘মরা লাশ’, আগামী ৫০ বছরেও দেশের রাজনীতিতে তাদের ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নুর তার পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে লিখেছেন, “দেশে অবস্থানরত লীগের ভাইদের বলব— স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নামবেন না। এতে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না।” তিনি প্রশ্ন তোলেন, “কী দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ বা মাস্ক পরে ঝটিকা মিছিল করার?”
তিনি আরও লেখেন, আওয়ামী লীগ আমলে বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুমের শিকার হয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী কর্মীরা তুলনামূলক অনেক ভালো আছেন। “চুপচাপ থাকলে ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ,” মন্তব্য করেন নুর।
তার মতে, আওয়ামী লীগ ১৯৭৫ সালে শেখ মুজিবের পর এবং ২০২৪ সালে শেখ হাসিনার ভারত পালানোর মধ্য দিয়ে রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে। “আওয়ামী লীগ এখন মরা লাশ, বিচারিক প্রক্রিয়ায় এর দাফন-কাফন সম্পন্ন হবে,” বলেন তিনি।
নুর আরও জানান, নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানাচ্ছে গণঅধিকার পরিষদ— এমন একটি বাংলাদেশ যেখানে ক্ষমতালোভী শাসক বা ফ্যাসিবাদ থাকবে না, বরং থাকবে দেশপ্রেম, সততা ও গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি।