বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ হোসেন

বিএনপি হলো সেই দল, যারা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। আমাদের পরিচয় একটাই-আমরা সবাই বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই পরিচয় আমাদের দিয়েছেন।

প্রতিনিধি ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ২০:৫০

মাহিনুর ইসলাম, বড়লেখা প্রতিনিধিঃ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে। বিএনপি হলো সেই দল, যারা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। আমাদের পরিচয় একটাই-আমরা সবাই বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই পরিচয় আমাদের দিয়েছেন।

শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, ১৫ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ছিল। তার সুস্থতার জন্য যারা দোয়া, রোজা, সাদকা, ওমরাহ ও তাওয়াফ করেছেন তাদের প্রতি আমরা দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জাহিদ হোসেন মহান স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, আমরা ইলিয়াস আলী, দিনার, জুনেদসহ হাজার হাজার ভাইকে হারিয়েছি। অনেকেই গুম হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের পুনর্বাসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, আজকাল অনেকেই এমন ভাষায় কথা বলেন, যা গণতন্ত্রের ভাষা নয়; বরং কর্তৃত্ববাদী শাসকের ভাষা। কিন্তু বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। ছাত্র-যুবসমাজের ভবিষ্যৎ, দেশের ভঙ্গুর অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, বিচারব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করছেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী দল তার প্রত্যেকটি ইউনিটে তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে কীভাবে দলকে সংগঠিত করা যায় সেই চর্চা করছে। আপনারাও বড়লেখায় সভাপতি ও যুগ্ম সম্পাদককে বিনাপ্রতিদ্বন্ধিতায় দায়িত্ব দিয়েছেন।

কিন্তু শুধু সাধারণ সম্পাদক, সিনিয়র সভাপতি ও সাংগঠনিক সম্পাদক-যাদেরকে আপনারা ভালো মনে করবেন তাদেরকে আপনারা দায়িত্ব দিবেন। কখনই ভাববার কারণ নেই। আপনারা জয়ী হয়েছেন। আরেকজন পরাজিত হয়েছেন। মনে রাখবেন এটা বিএনপির কাউন্সিল। আজকে আমরা ভোটাভুটি করব। ভোটাভুটি শেষে আমরা আবার মিলে যাব।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলন প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য নাসের উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন।

জাহিদ হোসেন একটি দলকে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ ধর্মের কথা বলেন, কিন্তু কথার সঙ্গে কাজের মিল থাকে না। এটা আমাকে কষ্ট দেয়। আয়নায় নিজের চেহারা দেখুন-জনগণের মধ্যে আপনার অবস্থান কী, কখনও কি জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছিল? বিএনপি সেই দল, যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালায়নি, আত্মসমর্পণ করেনি; অস্ত্র হাতে যুদ্ধ করেছে এবং দেশকে স্বাধীন করেছে।

তিনি আরও বলেন, বিএনপি সেই দল, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয়। তাই বিএনপির সমালোচনা করবেন, তবে সেটা হোক বাস্তবসম্মত, বিভ্রান্তিকর নয়।

অধ্যাপক জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, জাহাঙ্গীরনগরে ছাত্রনেতারা নারীদের অপমান করে সেঞ্চুরি করেছে, তখন আপনাদের ইসলাম কোথায় ছিল? আজকে গাজায় হাজার হাজার মানুষকে ইসরাইল মেরেছে। তখন কোথায় থাকে আপনার ইসলাম। আপনি রাস্তায় নামেন না।

কোনো কর্মসূচি গ্রহণ করেন না। আপনারা ইসলামের কথা বলবেন আন মানুষের পাশে দাঁড়াবেন না। হালুয়া-রুটি খাবেন। নাচানাচি করবেন। কাজেই বিএনপির সমালোচনা করবেন একশ বার। কিন্তু সেই সমালোচনা হতে হবে বাস্তবধর্মী।

মুরাদনগর, চাঁদপুরসহ বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, মুরাদনগরে যখন তিনজন মারা গেল। তখন পত্রিকায় কেউ কেউ লিখে দিলেন, সরকারের পক্ষের এবং বিপক্ষের। ওই তথাকথিত ইসলামিক দলের নেতৃবৃন্দ বলার চেষ্টা করলেন বিএনপি জড়িত। তদন্তে দেখা গেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জড়িত। চাঁদপুরে ইমামকে সাহেবকে কুপানো হল।

সেটা চাপিয়ে দেওয়া হল বিএনপির ওপর। তদন্তে দেখা গেল এটা বিএনপির আশেপাশের কেউ না। কাজেই আপনাদের বলব, দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। আপনারা যখন দেখেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।  

শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তির নেতাকর্মীরাও ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত হয়েছেন। এ কারণেই আপনাদের কষ্ট হচ্ছে, কারণ আপনারা জানেন আগামী দিনে জনগণের রায় কোনদিকে যাবে।

জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আপনারা তো সেই দল যারা স্বৈরাচারকে বৈধতা দিতে ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও গিয়েছিলেন।

আজ আবার জনগণের পক্ষে কথা বলেন। ধর্মের নামে বিভ্রান্তি ছড়াবেন না। আমরা চাই, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিলাম, সবাই ঐক্যবদ্ধ থাকি। আগামী ফেব্রুয়ারির মধ্যে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ আসবে, ইনশাআল্লাহ আমরা তা অর্জন করব।

অন্তবর্তী সরকারের উপদেষ্টা নির্বাচন কমিশনকে যে আশ্বাস দিয়েছেন, আমরা তাতে আস্থা রাখতে চাই। তাই বিভেদ নয়, কাদা ছোড়াছুড়ি নয়-জনগণের মনের ভাষা বুঝুন, জনগণের কাছে যান। আমরাও ৩১ দফা নিয়ে গিয়েছি, আপনারাও যান। জনগণ যাকে ভালোবাসবে, তাকেই গ্রহণ করবে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬১৩

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬১৩

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬১৩

রাজনীতি

সরকারি দপ্তরে আটকে না রেখে ফাইলের চাকা ঘোরাতে হবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সঠিক প্রশিক্ষণ, প্রচার ও বিপণন সুবিধা নিশ্চিত করা গেলে ঘরে বসেই মানুষ সম্মানজনকভাবে কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করতে পারে। প্রচার ও বিপণন সুবিধা বাড়ানো গেলে কুটির শিল্পের বাজার আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন, ফাইলের চাকা ঘোরাতে হবে। অর্থাৎ ফাইল আটকে না রেখে দ্রুত […]

সরকারি দপ্তরে আটকে না রেখে ফাইলের চাকা ঘোরাতে হবে: গয়েশ্বর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ১৪:৫৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সঠিক প্রশিক্ষণ, প্রচার ও বিপণন সুবিধা নিশ্চিত করা গেলে ঘরে বসেই মানুষ সম্মানজনকভাবে কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করতে পারে। প্রচার ও বিপণন সুবিধা বাড়ানো গেলে কুটির শিল্পের বাজার আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, ফাইলের চাকা ঘোরাতে হবে। অর্থাৎ ফাইল আটকে না রেখে দ্রুত কাজ নিষ্পত্তি করতে হবে। এতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শরৎমেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের কারিগরদের জন্মগত মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে তৈরি দেশীয় পণ্যের মান ও সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়। তবে গার্মেন্টসসহ অন্যান্য চাকরির তুলনায় কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষকে আরও স্বাবলম্বী করতে হলে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।

দেশীয় ঐতিহ্য ও গ্রামীণ পণ্যের চাহিদার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘জামালপুরের নকশিকাঁথা, শীতলপাটি, মাটির তৈজসপত্র ও টেরাকোটার মতো ঐতিহ্যবাহী পণ্যের কদর এখনও রয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনের মধ্যেও মানুষ আবার প্রকৃতি ও ঐতিহ্যনির্ভর জীবনযাত্রার দিকে ফিরছে। এসব পণ্য একদিকে মানুষের সৌন্দর্যবোধকে সমৃদ্ধ করছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘শুধু পণ্য তৈরি করলেই হবে না, সেই পণ্য মানুষের কাছে তুলে ধরতে কার্যকর প্রচারও জরুরি। প্রচার ও বিপণন সুবিধা বাড়ানো গেলে কুটির শিল্পের বাজার আরও সম্প্রসারিত হবে এবং এ খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।’

বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কুটির শিল্পের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া অনেক নারী ঘরে বসেই এসব কাজ করে আয় করছেন। এর মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করছেন।’

বৈশ্বিক পরিবেশ দূষণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবেশ দূষণের বড় একটি অংশ উন্নত বিশ্বের কারণে হলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর ওপর নানা ধরনের শর্ত আরোপ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘পরিবেশ দূষণের দায় ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বাস্তব অবস্থান বিবেচনায় নেওয়া প্রয়োজন।

প্রশাসনিক আমলাতন্ত্র ও ফাইল আটকে রাখার সংস্কৃতির সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে এসে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

বিসিক ভবনের নিচতলায় আয়োজিত শরৎমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুস নাসের খান ও অতিরিক্ত সচিব নুরুজ্জামান।

আয়োজকরা জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের বিসিক ভবনে শুরু হওয়া ‘শরৎমেলা’ আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। মেলায় শতাধিক স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬১৩