চাঁদাবাজি রোধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, “চাঁদাবাজ যেখানে আছে সংগ্রাম হবে সেখানে—সে যে দলেরই হোক না কেন। দেশে আর কোনো চাঁদাবাজ যেন চাঁদাবাজি করতে না পারে, এজন্য কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সোমবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “যারা চাঁদাবাজি করছে, তারা তথাকথিত শিক্ষিত। কিন্তু তাদের চারিত্রিক অধঃপতনই সমাজে নৈতিকতার সংকট সৃষ্টি করছে।” তিনি আরও বলেন, “শিক্ষানীতির নামে দেশে পশুর মতো মানুষ তৈরি করা হচ্ছে। এই শিক্ষানীতি মানুষের জন্য নয়।”
সংবাদ সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, বেসরকারি, এমপিওভুক্ত ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, স্বতন্ত্র বেতন স্কেল এবং অন্যান্য সুবিধার দাবিতে ২৫ দফা উপস্থাপন করা হয়েছে। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
নায়েবে আমীর সরকারকে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, “শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে। শিক্ষার সঙ্গে অন্যায় করলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হবে।”
সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, “আমরা শুধু নিজের অধিকার নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুষ্ঠু শিক্ষাব্যবস্থার জন্য এই লড়াই করছি।” সমাবেশে ব্যাপক সংখ্যক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।