আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাস্টার ট্রেইনারদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার রাজধানীর উত্তরায় জামায়াতের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সাফল্য ব্যক্তিগত ও সামষ্টিক—দুই ধরনের হতে পারে। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা দুনিয়াবি অর্থে সামষ্টিক সাফল্য হলেও আখেরাতের সাফল্য ভিন্ন বিষয়। তাদের লক্ষ্য দুনিয়া ও আখেরাত—উভয় ক্ষেত্রেই কল্যাণ অর্জন করা।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় নির্বাচনেও আরও বেশি সাফল্য পাওয়া সম্ভব। এ লক্ষ্যেই মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলে নির্বাচনী কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন দীর্ঘায়িত হওয়ায় জনগণ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সংবিধানের ১১, ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদে স্থানীয় সরকারব্যবস্থা ও নির্বাচিত প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। স্থানীয় সরকারকে তিনি ‘গণতন্ত্র চর্চার প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে বিভিন্ন এলাকায় প্রশাসক নিয়োগ দেওয়ায় স্থানীয় সরকারব্যবস্থা দুর্বল হচ্ছে। স্থানীয় নির্বাচন যত বিলম্বিত হবে, জনগণের দুর্ভোগ তত বাড়বে এবং স্থানীয় সরকারব্যবস্থার সক্ষমতাও তত ক্ষতিগ্রস্ত হবে। তাই জনগণের স্বার্থে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন।
প্রশিক্ষণে অংশ নেওয়া মাস্টার ট্রেইনারদের উদ্দেশে তিনি বলেন, কর্মসূচি থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। স্থানীয় নির্বাচনে সংগঠনের প্রস্তুতি, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভালো ফলাফল অর্জনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।