জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার পতনের লক্ষ্যে চূড়ান্ত আন্দোলন শুরু করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে জনগণের দাবি আদায় এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনায় বিরোধী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী ও সমমনা ১১টি রাজনৈতিক দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জাতীয় সংসদেও এসব দাবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘সরকারকে সতর্ক করা, জনগণকে সচেতন করা এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি এবং ভবিষ্যতেও থাকব। পাশাপাশি সংসদের ভেতরেও আমাদের দাবি তুলে ধরা হবে।’
সরকার পতনের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে আমি মনে করি। তবে জনগণের দাবি-দাওয়া আদায় এবং সরকারের ভুলত্রুটি তুলে ধরতে যে মাত্রার জনচাপ সৃষ্টি প্রয়োজন, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’