বাংলাদেশ জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর জোন আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়। এ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দ্বীন কায়েমের প্রচেষ্টায় ত্যাগ স্বীকার একজন মুমিনের দায়িত্বের অংশ। প্রয়োজন হলে জীবনসহ সর্বোচ্চ ত্যাগের জন্য জামায়াতের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
রুকনদের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, ‘রুকন’ একটি দায়িত্বপূর্ণ পরিচয়। যারা আল্লাহর সঙ্গে শপথবদ্ধ হয়ে সংগঠনের দায়িত্ব পালন করেন, তারাই রুকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।