সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা আহ্বায়ককে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ওমর ফারুককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমর ফারুকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তবে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর ফারুক ফেনী জেলা এনসিপির আহ্বায়ককে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে লেখেন, সংগঠন পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা না থাকা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কমিটি পুনর্গঠনেরও দাবি জানান।
একই পোস্টের মন্তব্যে তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের উদ্দেশে অভিযোগ করেন, জেলা আহ্বায়কের কর্মকাণ্ডে ফেনী এনসিপি অস্থিতিশীল হয়ে পড়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি জানার পরও কার্যকর পদক্ষেপ নেয়নি।
দলীয় সূত্রের ধারণা, ওই ফেসবুক পোস্টের জের ধরেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ফেনী জেলা এনসিপির ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জাহিদুল ইসলাম সৈকত আহ্বায়ক এবং শাহ ওয়ালী উল্লাহ মানিক সদস্য সচিবের দায়িত্ব পান।