৩২ লাখ টাকা দিয়ে একজন মন্ত্রী গরু কেনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। মন্ত্রীর এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) এনসিপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন এসব কথা বলেন।
তিনি জানতে চান, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি (বছরে) ৪২ লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে ৩২ লাখ টাকা গরু কেনায় ব্যয় করেন, তাহলে সারা বছর সংসার চালাতে তার আয়ের উৎসটা কী। এই অংকের সমাধান বাংলাদেশ চায় বলেও জানান তিনি
এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে কথা বলেন। এ বিষয়ে আসিফ মাহমুদ জানান, আমেরিকার (যুক্তরাষ্ট্রের) সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো দুই মাস বাকি ছিল।’