ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালন করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তিনি অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র্যাব, কোস্ট গার্ড, আনসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইএসপিআর জানায়, উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার ও কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।