পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত। এদিন জনগণকে দুটি ভোট দিতে হবে—একটি সংসদ নির্বাচনে, অন্যটি গণভোটে। তাই কাকে ভোট দেবেন এবং কী সিদ্ধান্ত নেবেন, তা ভালোভাবে চিন্তা করেই নেওয়া উচিত, যাতে পরে পস্তাতে না হয়।
রোববার গুলশান-২ এর নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দেশবাসী যদি সত্যিকার অর্থে সংস্কার চায়, তবে গণভোটে উত্তরটি ‘হ্যাঁ’ হওয়া উচিত। এই সুযোগ অবহেলা করলে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার সম্ভাবনা দীর্ঘ সময়ের জন্য হারিয়ে যেতে পারে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া সংস্কারসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে সচেতন সিদ্ধান্ত নেওয়াই হবে নাগরিক দায়িত্ব।
তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, যেভাবে তরুণরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দেশকে মুক্ত করেছে, তাতে শুধু সন্তুষ্ট হয়ে বসে থাকলে চলবে না। অতীতের আন্দোলনের অর্জন যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, ভয়কে জয় করেই বাংলাদেশ বারবার এগিয়ে গেছে। ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই গণতন্ত্রের সেই ভিত্তিকে আরও মজবুত করার সুযোগ এসেছে।
অনুষ্ঠানে নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করা হয়।