ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদি–এর শাহাদাতে গভীর আবেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি শহীদ হাদিকে ‘দ্রোহের প্রতীক’ হিসেবে অভিহিত করে তার রাজকীয় বিদায়ের কথা তুলে ধরেন।
পোস্টে আজহারী লেখেন, ‘দ্রোহের প্রতীক— শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন।’ তার ভাষায়, হাদির জীবন ছিল ক্ষণস্থায়ী হলেও তা ছিল গভীর তাৎপর্যপূর্ণ ও সংগ্রামী চেতনায় পরিপূর্ণ।
আজহারী আরও লেখেন, নিশ্চয়ই আসমানে তার জন্য আরও বড় রাজকীয় অভ্যর্থনার আয়োজন চলছে। তিনি মনে করেন, জুমার নামাজের পর গুলিবিদ্ধ হওয়া এবং পরবর্তী জুমার রাতেই শাহাদাত বরণ—এটি এক অনন্য ত্যাগ ও পরম সৌভাগ্যের দৃষ্টান্ত। কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া হাদির জীবনের সংগ্রামকে আরও অর্থবহ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এই ইসলামি আলোচকের মতে, শহীদ ওসমান হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ধর্মীয় মূল্যবোধে দৃঢ় তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি। তিনি লেখেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায় এবং প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবেন।
আজহারীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে হাদির সাহস, ত্যাগ ও সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শহীদ হাদির এই বিদায়কে অনেকেই একটি যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন, যা দেশের তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আরও সাহস জোগাবে।