ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ঢাকায় সম্ভাব্য অবতরণ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশে পৌঁছানোর পর শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন।
এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।