মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৬টা ৩৩ মিনিটে তিনি ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।
এদিকে বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী ঢাকা। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠেছে নগরীর বিভিন্ন সড়ক, ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এই আলোকসজ্জা নগরবাসীর মধ্যে সৃষ্টি করেছে আনন্দ ও উচ্ছ্বাস।