গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) অনুষ্ঠিত হয়েছে আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন। গতকাল সকালে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ওসিএন্ডএসে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), লজিস্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার, বিওএফ কমান্ড্যান্ট এবং ওসিএন্ডএস কমান্ড্যান্ট। বার্ষিক অধিনায়ক সম্মেলনে আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশে বক্তব্যে সেনাপ্রধান কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশসেবায় তাদের দীর্ঘদিনের অবদান তুলে ধরেন।
তিনি বলেন, নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের সঙ্গে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি অর্ডন্যান্স কোরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এ ছাড়া কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া; কমান্ড্যান্ট-বিওএফ; এজি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; কমান্ড্যান্ট ওসিএন্ডএস; আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম প্রতিনিধিরা।