চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান।
বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজ আগমনের সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি, নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে ‘পিএনএস সাইফ’-এর অধিনায়ক ও কর্মকর্তারা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর চলাকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের এ জাহাজটি ঘুরে দেখবেন।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নৌবাহিনী জাহাজের এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, সফর শেষে আগামী বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ত্যাগ করবে জাহাজটি।