বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির কৌশল হিসেবে দেখছে ঢাকা।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান সম্প্রতি লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জিটিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। তিনি জানান, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার কাজ চলমান রয়েছে। এটি উভয় দেশের ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ হবে।”
হাইকমিশনার আরও জানান, বাংলাদেশ পাকিস্তানকে মধ্য এশিয়ার বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে দেখে। এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সহযোগিতা নিশ্চিত করতে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে অনলাইন ভিসা আবেদন কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং ব্যবহারবান্ধব হয়।”
জিটিসিসিআই-এর সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলি আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ভিসা সহজীকরণ দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়কে বাড়িয়ে দেবে।
ইতোমধ্যে বাংলাদেশ হাইকমিশন ব্যবসায়িক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু করেছে, যা পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন হাইকমিশনার ইকবাল হুসেইন খান।