কোনো ধরনের চাপের কারণে নয়, দেশের এভিয়েশন খাতের চাহিদার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের চাপ কিংবা অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত কোনো চুক্তির ধারাবাহিকতায় উড়োজাহাজ কেনা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো চাপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। এভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী উড়োজাহাজ কেনা হচ্ছে।
তিনি বলেন, দেশের উড়োজাহাজ বহরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তা না হলে নতুন রুট চালু করা সম্ভব হবে না এবং ব্যবসায়িক সুযোগও হারাতে হবে। বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এবং রাজস্ব ও যাত্রীসংখ্যা বাড়াতে দীর্ঘমেয়াদে নতুন উড়োজাহাজ কেনা প্রয়োজন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশ তৈরি হলে এ সফর অবশ্যই হবে।
তিনি জানান, পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি বিবেচনায় নিয়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে। সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা বন্ধ হয়নি বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। বিষয়টি নিয়ে ঢাকা তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে।
তবে দুই দেশের মধ্যে আবারও আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।