মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না’—মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোরতার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’ এ সময় তিনি এবারের পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর ফলাফল’ বলেও উল্লেখ করেন।
এক সাংবাদিক এবারের ফলাফলকে খারাপ ফল হিসেবে উল্লেখ করলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’
এদিকে পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না।
মন্ত্রী জানান, ১৯৯৮ সালের বোর্ডের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। এখন যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে।
তিনি আরও বলেন, পুনঃপরীক্ষণের সময় কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।