জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার ও আধুনিক বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিকদের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়।
সদ্য পাস হওয়া বাজেটকে ‘জীবনবান্ধব ও জনবান্ধব’ উল্লেখ করে তিনি বলেন, বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি প্রশাসন, বেসরকারি খাতসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি সংসদের সদস্য ও গণতন্ত্রমনা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান সংসদ জনগণের প্রত্যাশিত সংসদে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের অন্যতম লক্ষ্য ঋণনির্ভর অর্থনীতি থেকে বাংলাদেশকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।