বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৩ জুলাই) বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় তিনি বলেন,
বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা যেভাবে ঐক্য ধরে রেখেছেন, ভবিষ্যতেও সেই ঐক্য অটুট রাখতে হবে। তাঁর মতে, দলের ভেতরে ঐক্য বজায় থাকলে কোনো ফ্যাসিস্ট, হাইব্রিড বা গুপ্তচক্র সুযোগ নিতে পারবে না।
তারেক রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে। তিনি তৃণমূল নেতাকর্মীদের পারস্পরিক আলোচনার মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ এবং দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের আসন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার নির্দেশ দেন।
বক্তব্যে তিনি বিগত সরকারের দুর্নীতি, অর্থপাচার ও জবাবদিহির অভাবের সমালোচনা করেন। তিনি দাবি করেন, উন্নয়নের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও ব্যাংকিং খাতকে দুর্বল করা হয়েছে।
বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করা সম্ভব।