বরিশাল সফরের পথে শিশু শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বরিশাল ক্যাডেট কলেজসংলগ্ন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বরিশালে পৃথক কর্মসূচিতে অংশ নিতে সকালে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। গৌরনদী থেকে বরিশাল নগরীর প্রায় ৪৪ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় বিভিন্ন স্থানে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ ও কয়েকটি অনির্ধারিত কর্মসূচিতে অংশ নেন তিনি। এতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তিনি।
বরিশাল ক্যাডেট কলেজের বিপরীতে মধ্য রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যাওয়ার পথে শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের মোবাইল ফোনে সেলফি তোলেন এবং ব্যাডমিন্টন সেট ও ফুটবল উপহার দেন। পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করার পরামর্শ দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এমন আচরণ শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন, সেলফি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন।
এর আগে গৌরনদীর শরিকল-বাটাজোর খালে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে বিভিন্ন অনির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে নগরীতে পৌঁছান তিনি।