প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, গত সোমবার (৬ জুলাই) থেকে মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকারের আশা, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তিনি জানান, এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।
মন্ত্রী আরও বলেন, এবার কর্মী নিয়োগে আগের মতো কোনো সিন্ডিকেটের সুযোগ থাকবে না। বাংলাদেশ সরকার নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। এতে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অতিরিক্ত ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সরকার ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। এসব দেশেও বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
সরকারের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সেই আলোচনার ধারাবাহিকতায় আইনি জটিলতা দূর করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।