আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্রসচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরাও সভায় অংশ নেন।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আট জেলায় ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।